নরসিংদীর সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের ১০ বছর আজ। ২০১১ সালের ১ নভেম্বর তাকে নরসিংদী সদরে দলীয় কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। এ উপলক্ষে ১ নভেম্বর পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৭৫টি স্থানে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় নরসিংদী পৌর বাস টার্মিনালে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্মিণী তামান্না নুসরাত বুবলি, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদীর সাবেক পৌর মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা শ্রমিক লীগের সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ প্রমুখ।