উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪০ জন।
সোমবার (২৫ অক্টোবর) সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং জরুরি অবস্থা জারির পর দেশটির রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সেনা সদস্যদের চালানো গুলিতে হতাহতের এই ঘটনা ঘটল।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা। এছাড়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সামরিক বাহিনীর সদস্যদের চালানো গুলিতে প্রাণহানির কথা স্বীকার করেছেন সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও।
এর আগে সোমবার সুদানের সামরিক বাহিনীর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সামরিক-বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল এবং সরকার ভেঙে দেন তিনি।
এছাড়া সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাকেও আটক করা হয়।