ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

ইতালির সমুদ্র উপকূল থেকে ৩৩৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ইতালির রোচেলা শহরের সমুদ্র উপকূল থেকে ৩৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী। সোমবার মাছ ধরার একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ইউএন পোস্টের।

এক বিবৃতিতে দেশটির কোস্টগার্ড বলছে, ট্রলারটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালির সমুদ্র উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি।

বিষয়টি ইতালির কোস্টগার্ড বাহিনী জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। অভিযানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফ্রনটেক্সের প্রতিনিধি হিসেবে রোমানিয়ার সীমান্ত পুলিশের একটি জাহাজ কোস্টগার্ড বাহিনীর সঙ্গে ছিল।

উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ক্রোটন বন্দরে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সম্প্রতি ইতালির উপকূলীয় অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। গত সপ্তাহে দেশটির সমুদ্র উপকূল থেকে এক হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় ৫২ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী; যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

গত বছর সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ