বাংলাদেশে কৃষি এখন সামাজিক মর্যাদা পেয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরাও এখন কৃষিতে আসছে। এক সময় কৃষিকে তুচ্ছতাচ্ছিল্য করা হলেও বর্তমানে কৃষি অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ রোববার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের ৫০ বছর কৃষির রূপান্তর ও অর্জন শীর্ষক সভায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষিত বেকার লোকেরা এখন কৃষিতে যুক্ত হচ্ছে। তারা কৃষির সাফল্য দেখে কৃষিতে এগিয়ে আসছে। দিন দিন বাংলাদেশের কৃষি অনেক উন্নত হচ্ছে।
তিনি বলেন, সবার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের কৃষিপণ্য উন্নত বিশ্বে বাজারজাত করব। এর মাধ্যমে শুধু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে না এর সাথে আমরা সারা পৃথিবীতে খাদ্য সরবরাহ করতে পারবো। আন্তর্জাতিক বাজারেও আমরা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবো কৃষির মাধ্যমে।
এসময় এসিআইএ এগ্রিকালচার এর প্রধান নির্বাহী এফ এইচ আনসারী, বিআরআরআই এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, এসিআইএ এগ্রিকালচার এর প্রধান নির্বাহী এফ এইচ আনসারী, এফএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রবার্ট ডি সিম্পসন, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেবিস প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরআরআই এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির।