সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব চলাকালে ও পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। বাংলাদেশে চলমান হিংসা বন্ধ না হলে ফারাক্কার পানি ও পেট্রাপোল সীমানা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে মশাল মিছিল করে বিজেপি। আসানসোলের বিএনআর মোড় থেকে এ মিছিল শুরু হয়ে ভগৎ সিং মোড়ে শেষ হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারিসহ অন্যান্য বিজেপি নেতা।
মিছিল শেষে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বর্বরোচিত আক্রমণ বন্ধ না হলে ফরাক্কার জল বা পেট্রাপোল সীমানা… ( পূর্ণ কথা না বলে হুঁশিয়ারি) হুমকি নয়, প্রয়োজনে যতদূর যেতে হয় যাব।
শুভেন্দু বলেন, তারা সনাতনের ভোটে জিতেছেন, তাই তারা দায়বদ্ধ। যেমন দলের কাছে দায়বদ্ধ, ঠিক তেমনই হিন্দুদের কাছেও দায়বদ্ধ। যদি বাংলাদেশে হিংসা বন্ধ না হয়, তাহলে হিলি আর পেট্রোপোলে গিয়েও কর্মসূচি পালনের কথা বলেন তিনি।