যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন লুথার পাওয়েল মারা গেছেন। করোনাভাইরাস-পরবর্তী জটিলতায় সোমবার মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৪ বছর। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলিন পাওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।
বিবৃতিতে বলা হয়, করোনা প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করা ছিল পাওয়েলের। করোনায় আক্রান্ত হয়ে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সামরিক হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়ে সেরেও উঠেছিলেন তিনি।
সরকারি কর্মকর্তা হিসেবে জীবনের চারটি দশক ব্যয় করেছেন কলিন পাওয়েল। শীর্ষ সেনা কর্মকর্তা, কূটনীতিক, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।













