গানের কিংবদন্তি আইয়ুব বাচ্চু গড়ে তুলেছিলেন ব্যান্ডদল এলআরবি (লাভ রানস ব্লাইন্ড)। কিন্তু তিনি দুনিয়া ত্যাগ করার পর ব্যান্ডটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
কিন্তু এবি’র বিদায়ের পর ব্যান্ডটির অন্যতম সদস্য সাইদুল হাসান স্বপন ও গোলামুর রহমান রোমেল আলাদাভাবে বেশ কয়েকটি শো করেন। তাতে ব্যান্ডটি নিয়ে নানা প্রশ্ন উঠে সংগীতাঙ্গনে। এরপরই ব্যান্ডটির নাম ব্যবহার করে এর সদস্যরা কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না বলে জানায় আইয়ুব বাচ্চুর পরিবার।
আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জানা গেল, এলআরবি’র সাবেক সদস্য স্বপনের হাত ধরে আবারও ফিরে এসেছে ‘লিটল রিভার ব্যান্ড’। তবে এই দলের সংক্ষেপে নেই ‘এলআরবি’। এরই মধ্যে আয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ডটি প্রকাশ করেছেন নতুন একটি গান।
‘ইন ম্যামরি অব আইয়ুব বাচ্চু’ শিরোনামের গানটির কথা হ্যাভেন ও রনির। কণ্ঠ দিয়েছেন রনি। আর বেজ গিটার বাজিয়েছেন সাইদুল হাসান স্বপন। ড্রামসে ছিলেন রিয়াদ সরয়ার, গিটারে পুষ্প ফেরদৌস ও কাজী আনান।
এ প্রসঙ্গে গিটারিস্ট সাইদুল হাসান স্বপন বলেন, আমার দীর্ঘ পথচলার স্মৃতি থেকেই ব্যান্ডটি করা। নতুন গানে যারা গেয়েছেন বা বাজিয়েছেন তারাই এর সদস্য। আসলে নিজের ভালোবাসার জায়গা থেকেই ‘লিটল রিভার ব্যান্ড’ নিয়ে এলাম। এখানে এলআরবি ব্যান্ডের কোনো যোগসূত্র নেই। এলআরবি তো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আমার সংগীত জীবন যেভাবে শুরু করেছি, সেভাবেই ফিরে গেছি।
১৯৯১ সালে আইয়ুব বাচ্চু গড়ে তুলেছিলেন ব্যান্ডদল ‘লাভ রানস ব্লাইন্ড’। যার সংক্ষিপ্ত রূপ দেন এলআরবি। শুরুতে ব্যান্ডটির নাম অবশ্য এমনটি ছিল না। এলআরবি নামের মানে তখন ছিল ‘লিটল রিভার ব্যান্ড’। কিন্তু পরে জানা যায় যে, ‘লিটল রিভার ব্যান্ড’ নামে অস্ট্রেলিয়াতে আরেকটি ব্যান্ড রয়েছে। এরপরই এলআরবি ঠিক রেখে পাল্টে নাম রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’।