ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

দেশে ৫জি চালু হলে চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশে ৫জি প্রযুক্তি সম্প্রসারিত হলে চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সুচিত হবে। এর ফলে প্রত্যন্ত গ্রামে বাড়িতে বসেই চিকিৎসা করানোর সুযোগ আসছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি চিকিৎসাক্ষেত্রে বিস্ময়কর এই সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

মন্ত্রী শনিবার (১৬ অক্টোবর) রাতে নারীরোগতত্ত্ব বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন এন্ডমেট্রিয়সিস অ্যাডনোমাইয়োসিস স্যোসাইটি অব বাংলাদেশ(ইএএসবি) আয়োজিত ফাস্ট ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সফলজনকভাবে দেশের ৮০টি উপজেলায় চিকিৎসাকেন্দ্র চালু এবং তা সফলজনকভাবে পরিচালনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৪জি প্রযুক্তির দিয়েই দেশে টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ আমরা করেছি।

নারী ও কিশোরীদের বয়:সন্ধিকালীন কিছু সমস্যা ও তা থেকে উদ্ভুত রোগ সম্পর্কে ব্যাপক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মোস্তাফা জব্বার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিক্ষায় নারীদের অংশ গ্রহণ অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষিকাদের সচেতন করতে পারলে ভাল কাজ হবে। অনেক জটিল রোগের উৎপত্তি বাধাগ্রস্ত হবে।

এছাড়া সচেতনতার জন্য টিভি চ্যানেলসমূহের পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ