সম্প্রতি ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইট লিংকডইন কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হয়। আর এ ঘটনার পরেই চীনে বিশ্বের পেশাদারদের সর্ববৃহৎ কমিউনিটি প্ল্যাটফর্ম লিংকডইন বন্ধ হচ্ছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
দেশটির নীতিমালা মেনে লিংকডইন পরিচালনা ক্রমাগত কঠিন হয়ে পড়ায় মাইক্রোসফট এ সিদ্ধান্ত নিয়েছে। তবে লিংকডইন বন্ধের পর সেখানে ‘ইনজবস’ নামে চাকরি সংক্রান্ত একটি ‘জবস অনলি’ ভার্সন চালু করবে মাইক্রোসফট।
লিংকডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহক শ্রফ বলছেন, চীনের নীতমালার সঙ্গে খাপ খাইয়ে লিংকডইন চালু রাখা খুবই কঠিন।
শুক্রবার (১৫ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিংকডইন বন্ধ করে ‘ইনজবস’নামে চাকরি সংক্রান্ত যে সাইট চালু করা হবে তাতে কোনো সোশ্যাল ফিড থাকবে না। ফলে ব্যবহারকারীরা এতে কোনো পোস্ট দিতে বা শেয়ার করতে পারবেন না।

লিংকডইন বিশ্বের পেশাদারদের সর্ববৃহৎ কমিউনিটি প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেন।


















