ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন

তালেবানে যোগদানের চেষ্টা: যুক্তরাষ্ট্রে বিচার হচ্ছে বাংলাদেশির

আফগানিস্তান গিয়ে আমেরিকার বিরুদ্ধে তালেবানের পক্ষে লড়াই করতে চেয়েছিলেন আফগানিস্তানে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক দেলোয়ার মোহাম্মদ হোসেন। দুই বছর আগে নিউইয়র্ক থেকে বিমানে যাত্রা করার সময় তাকে গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এখন তাকে সন্ত্রাসীগোষ্ঠীকে সহায়তার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সামনে তার সাজা ঘোষণা করা হবে। খবর আইএএনএসের

গত শুক্রবার (৮ অক্টোবর) নিউইয়র্ক ফেডারেল কোর্ট দেলোয়ার মোহাম্মদ হোসেনকে (৩৬) অর্থ-সম্পদ দিয়ে সহায়তাসহ তালেবানে যোগদান এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া দেলোয়ার মোহাম্মদ হোসেন দেশটির নাগরিকত্ব পেয়েছেন। তালেবানে যোগ দিতে ২০১৯ সালে তিনি থাইল্যান্ড হয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

আরও বলা হয়, দেলোয়ার মোহাম্মদ হোসেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন ‘গোপন তথ্যদাতাকেও’ দলে ভেড়াতে চেয়েছিলেন। তাকে নিয়েই পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরে সেখান থেকে আফগানিস্তান গিয়ে তালেবানে যোগ দিতে চেয়েছিলেন তিনি। এফবিআইয়ের তথ্যদাতাকে দেলোয়ার বলেন, তিনি চান ‘আমেরিকা সরকারের সঙ্গে লড়াই এবং মৃত্যুর আগে কিছু কাফেরকে হত্যা করতে।’

এ লক্ষ্যে দেলোয়ার মোহাম্মদ হোসেন যোগাযোগের কিছু সরঞ্জাম কিনেছিলেন এবং এফবিআইয়ের ওই তথ্যদাতাকে অস্ত্র কেনার জন্য অর্থ বাঁচাতে বলেছিলেন। করোনার সংক্রমণ পরিস্থিতিতে আদালত গত বছর এই বাংলাদেশি আমেরিকানকে গৃহবন্দী করে রাখার অনুমতি দেন।

এর আগে গত মাসে সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে সহায়তার পরিকল্পনার দায়ে বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক দম্পতি শহিদুল গাফফার খান ও নাবিলা খানকে কারাদণ্ড দেওয়া হয়। পেনসিলভানিয়ার বাসিন্দা গাফফারকে দেড় বছর এবং নাবিলাকে দুই বছর কারাদণ্ড দেন আদালত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ