আফগানিস্তানে চলমান সংকট নিরসনে বৈশ্বিক একটি আলোচনায় কাবুলের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানকে আমন্ত্রণ জানাবে রাশিয়া। আগামী ২০ অক্টোবর মস্কোতে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জামির কাবুলফ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিতব্য এই আলোচনায় চীন, ইরান, পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরাও অংশ নেবেন। এই আলোচনায় কট্টরপন্থি তালেবান গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হবে কি না; বৃহস্পতিবার রুশ সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রাষ্ট্রদূত জামির কাবুলফ বলেন, ‘হ্যাঁ।’
আগামী ১২ অক্টোবর জি-২০ সম্মেলনের পরই ওই আলোচনার আয়োজন করা হবে। তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগান ভূখণ্ডে সম্ভাব্য যেকোনো ধরনের মানবিক বিপর্যয় এড়াতে সাহায্যের জন্য জি-২০ সম্মেলনে আলোচনা হবে।













