নানা অনিয়মের অভিযোগ এনে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছে।
করোনা মহামারীর মধ্যে দু’জন ডিএমডিসহ ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার লঙ্ঘন।
বুধবার (৬ অক্টোবর) এসবিএসি সূত্র এ তথ্য জানা গেছে।
তাদের মধ্যে দু’জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), তিনজন বিভাগীয় প্রধান ও চারজন শাখা ব্যবস্থাপক রয়েছেন। ব্যাংকের পরিচালকদের মধ্যে পরস্পরবিরোধী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে ব্যাংকারদের চাকরিচ্যুত করার বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যূত করা যাবে না।কোভিডকালীন শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার কারণ দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যূত অথবা পদত্যাগ করতে বাধ্য করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর নির্দেশনাকে তোয়াক্কা না করে সাউথ বাংলা এগিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক ১১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন শুধু সাবেক চেয়ারম্যানের এলাকায় বাড়ি হওয়ার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সফিউদ্দীন আহমেদ, হেড অব ব্যাংকিং অপারেশন (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) এসএম ইকবাল মেহেদী, ক্রেডিট অ্যাডমিনিট্রেসন বিভাগের প্রধান (এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট) সালাউদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান (ভাইস-প্রেসিডেন্ট) এএনএম ময়েজ আহমেদ, খুলনার কেডিএ শাখা প্রধান (ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট) এনএম আবদুল খালেক, খুলনার চুকনগর শাখার প্রধান (অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট) মোহা. মনজুরুল আলম, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খারাবাট বাইনতলা শাখা প্রধান সিনিয়র এক্সিকিউটভি অফিসার এসএম রবিউল আলম, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা শাখা প্রধান সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. নজরুল ইসলাম, খুলনা শাখার বৈদেশিক মূদ্রা বিনিময় বিভাগের ইনচার্জ শেখ আবুল ফারাহ, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি শাখার অপারেশন ম্যানেজার (এক্সিকিউটিভ অফিসার) অরুপ কুমার সাহা।