তালেবানের ভয়ে আফগানিস্তান ছেড়ে পালানো ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। তারা চলতি বছরের আগস্টে আফগানিস্তান ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। ইরানি গণমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, এ বছরের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এসব পাইলট ভয় পেয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। যাওয়ার সময় পাইলটরা তাদের সঙ্গে ১৬টি বিমান নিয়ে গেছে।
তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।
অন্যদিকে এক পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিকিস্তান সরকারের দাবি তারা ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে গত ১৫ বছরে।