এ বছরেই বাজারে আসতে পারে গুগল পিক্সেলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। অনেকদিন ধরেই আলোচনা চলছে গুগলের এই ফোল্ডেবল পিক্সেল ফোন নিয়ে।
ইতোমধ্যেই একাধিক ওয়েবসাইটে গুগল পিক্সেল ফোল্ড ফোনের সম্ভাব্য ফিচার প্রকাশ করা হয়েছে। গুগল পিক্সেলের এই ফোল্ডেবল স্মার্টফোনের কোডনাম দেয়া হয়েছে ‘পাসপোর্ট’।
পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, গুগল দু’বছরের বেশি সময় ধরে তাদের ফোল্ডেবল ফোন নিয়ে কাজ চালাচ্ছে। তবে এটাই প্রথম নয়। এর আগেও গুগল পিক্সেল ফোল্ডেবল ফোন প্রসঙ্গে একাধিক তথ্য ফাঁস হয়েছিল।
অন্যদিকে গুগল পিক্সেল ৬ সিরিজেরও কয়েকটি ফোন উন্মুক্ত হচ্ছে। এই সিরিজে গুগল পিক্সেল ৬ এবং গুগল পিক্সেল ৬ প্রো এই দুই ফোন উন্মুক্ত হতে পারে।
গুগল এবার পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো – এই দুই মডেলের ডিজাইন একদম নতুন করে তৈরি করেছে। নতুন পিক্সেল ৬ সিরিজের ফোনে গুগল নিজেদের টেনসর চিপসেট বা প্রসেসর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৯ অক্টোবর উন্মুক্ত হতে পারে গুগল পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোন।



















