ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

খেলাপিদের বিশেষ সুবিধা আরও এক বছর চায় বিজিএমইএ

বাংলাদেশ ব্যাংকের বিশেষ নীতিমালার আওতায় এককালীন এক্সিট সুবিধার পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় এক বছর বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন।

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, গত দুই বছর পোশাক খাতে মহামারি করোনাভাইরাসের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দিয়েছে যাতে দেশি শিল্প উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। এককালীন এপিট সুবিধা পাওয়া অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে পারেনি। এ অবস্থায় এ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় আরও এক বছর বাড়ানো প্রয়োজন। এতে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান এবং ব্যাংক উভয় পক্ষই উপকৃত হবে। অর্থনীতির গতি বৃদ্ধি পাবে এবং খেলাপি ঋণ কমবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ মে ঋণ পরিশোধে এককালীন এপিট বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় একজন গ্রাহকের কাছে ব্যাংকের সমুদয় পাওনা এক বছরের মধ্যে পরিশোধের জন্য সুদ মওকুফসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম গণমাধ্যমকে বলেন, কোনো কারণে একটি গ্রুপের কোনো একটি প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য প্রতিষ্ঠানও ব্যাংকিং সুবিধা পায় না। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যা অন্তরায়। তিনি বলেন, রপ্তানিতে সরকারের দেওয়া নগদ সহায়তা পেতে অনেক সময় সমস্যা হয়। এটি আরও কীভাবে সহজ করা যায় সে অনুরোধও জানানো হয়েছে।

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও যেসব দাবি জানানো হয় সেগুলোর মধ্যে রয়েছেঃ

-তৈরি পোশাক খাতের কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা বন্ধ না রাখা।
-প্রণোদনার ঋণ পরিশোধে সময় বাড়ানো
-রপ্তানির বিপরীতে হয়রানিমুক্ত নগদ সহায়তা নিশ্চিত করা ইত্যাদি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ