চীন থেকে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫ লাখ ৬০ হাজারে।
এসময়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এরপরই রয়েছে ব্রাজিল ও রাশিয়া।
জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৭৩ হাজার ৪৯৪ জনের। আর ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৬১৩ জন।
বিশ্বের অনেক দেশেই মিলেছে করোনার নতুন ধরন। যা আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী। আর করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন ছড়িয়েছে বিশ্বের ১৩২টি দেশে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪৫৮ জন ও মারা গেছেন ২ হাজার ২৭০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ২৩ জনের।
বিশ্বের দ্বিতীয় অন্যতম জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জন।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দেশের তালিকায় রয়েছে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থানে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন ও মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৬৪০ জনের।
আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাজ্য আছে চতুর্থ স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৭৩ লাখ ১২ হাজার ৬৮৩ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ১ লাখ ৩৪ হাজার ৬৪৭ জন।
আক্রান্তের তালিকায় আবার পঞ্চম স্থানে আছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৪১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী ৭১ লাখ ৯৪ হাজার ৯২৬ জন ও মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১ জনের।
মেক্সিকো আক্রান্ত দেশের তালিকায় ১৫তম স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে চতুর্থ স্থানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১০৪৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৯২৯ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে ও মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৯১২ জনের।
তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের।
চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। আর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।