অবশেষে ছাড়পত্র পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি’র একটি প্রদর্শনী দেখে ছাড়পত্র দিয়েছেন কোনো প্রকার কাটছাঁট ছাড়াই ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রটি। এ ছবির পরিচালনা, নাট্যরূপ ও সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ, তিনি চলচ্চিত্রটির সৃজনশীল পরিচালকও। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের প্রযোজক লিটন হায়দার।
চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্র রূপায়ণ করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। প্রয়াত এসএম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ পাঁচ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা-অভিনেত্রী এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।
চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের সংগীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলকবাবু। চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের গান ব্যবহার করা হয়েছে।
চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহগুলোয় মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।