আফগানিস্তানের দখলে নেয়ার ২০দিন পরও সরকার গঠন করতে পারেনি তালেবান। সবশেষ খবর অনুযায়ী নতুন সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক ।
গত ১৫ আগস্ট কাবুলের পতন হয়। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যায়। এবার তারা আগেরবারের চেয়ে নিজেদের শাসননীতিতে নমনীয়তা আনার ইঙ্গিত দেয়। তালেবান তাদের প্রতিশ্রুতি রাখবে কি না, তা নিয়ে পশ্চিমাদের মধ্যে সন্দেহ আছে।
সকলের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সরকার গঠনের চেষ্টা চলছে বলে জানান, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান তিনি।
সরকার গঠনে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চালানো হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি জানিয়েছেন, সবপক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের এই বিলম্ব। বলেন, তালেবান চাইলে একাই সরকার গঠন করতে পারে। তবে আসন্ন সরকারে সবদলের, সবগোষ্ঠীর অংশগ্রহণে সবপক্ষের সরকার গঠন নিশ্চিত করতেই দেরি হচ্ছে।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে নতুন একটি সরকার গঠনের উদ্যোগ নেয় তালেবান। সর্বশেষ ৪ সেপ্টেম্বর সরকার গঠনের কথা থাকলেও সেটিও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে দলটি। দলের পক্ষ থেকে এর কোনও কারণ ব্যাখ্যা করা না হলেও দৃশ্যত অন্তর্ভুক্তিমূলক সরকারের রূপরেখা চূড়ান্ত করতে না পারার কারণেই তারিখ পেছানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং কাতারে দলটির রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা আব্দুল গণি বারাদারের সঙ্গে কথা বলেছে আল জাজিরা।