প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এম নুরুল আলম। তিনি এর আগে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের উপ ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। সেখান থেকে অব্যহতি নিয়ে নতুন এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
বুধবার (১ সেপ্টেম্বর) তিনি প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সিইও পদে যোগদান করেন।
এম নুরুল আলম বিজনেস আইকে বলেন, বর্তমান পুঁজিবাজারে নিয়ন্ত্রক পরিবেশ তৈরি এবং সুযোগের সঙ্গে সঙ্গতি রেখে কোম্পানির সম্প্রসারণ করার জন্য আমার পরিকল্পনা রয়েছে। আমি আশা করি এমএনসি অর্থাৎ জিএসকে, ওরাসকম, ভিওন এবং বাংলালিংকে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমার লক্ষ্য অর্জনে সহায়ক হবে ইনশাআল্লাহ।
তিনি জানান, আমি বিশ্বাস করি পুঁজিবাজারের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং এখন এটি নৈতিক ব্যবসায় অবদান রাখার জায়গা করে নিয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
প্রসঙ্গত মোহাম্মদ নূরুল আলম ১৯৬৪ সালে নিজ গ্রাম আগ্রাবাদ বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। ১৯৭০ সালে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৫ সালে তিনি জিআরকে হাই স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ থেকে এইচএসসি ও বাণিজ্যে স্নাতক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

পেশাগত শিক্ষা অর্জনের লক্ষ্যে নূরুল আলম ২০০০ সালে আইসিএসবি-তে ভর্তি হয়ে ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠানটির সদস্য হন এবং ২০১৭ সালে ইউনাইটেড স্টেট থেকে সার্টিফাইড কমপ্লায়েন্স এন্ড ইথিক্স প্রফেশনাল বিষয়ের উপর আন্তর্জাতিক ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০২০ সালের মার্চ মাসে আমেরিকার সিজিআইএ ইনস্টিটিউট থেকে আরেকটি পেশাদার ডিগ্রি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) সদস্যপদ অর্জন করেছেন।
এছাড়াও, ১৯৮১ সালে বি.কম পাস করে গ্ল্যাক্সোতে ইন্টারনাল অডিটর হিসেবে যোগদান করেন। তিনি গ্ল্যাক্সো বাংলাদেশ লিমিটেড এ ২০ বছর কাজ করে পরবর্তীতে একই প্রতিষ্ঠানে কোম্পানি সচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০০৭ সালে ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড (বাংলালিংক) এ কোম্পানি সচিবের দায়িত্ব গ্রহণ করেন। ২০১০ সালে বাংলালিংক ডিজিটাল কম্যুনিকেশন লিমিটেড এর প্রধান ইন্টারনাল অডিটর এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
২০১৫ সালে একই প্রতিষ্ঠানে চীফ কমপ্লায়েন্স অফিসার হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা বোর্ডে যোগ দেন এবং ১লা আগস্ট ২০১৯ বাংলালিংক থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর পরিকল্পনা অনুযায়ী ব্যবসা শুরুর চিন্তা করেছিলেন, কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। তাইত আবারো প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে অক্টোবর ২০১৯ থেকে চাকরিতে যোগদান করেছেন।
এছাড়া প্রাইম ইসলামি সিকিউরিটিজের বোর্ডে ডাইরেক্টর হিসেবেও কাজ করেছেন। এম নুরুল আলম নাসডাগ ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানী আমস্টারডাম বেজ্ড ভেয়ন লিমিটেডের কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার হিসাবে চার বছরের বেশি সময় ধরে রেগুলেটরি কমপ্লায়েন্সের কাজ করেছেন।


















