আন্তর্জাতিকভাবে টিকা উৎপাদনের জন্য অংশীদার খুঁজছে ভারতীয় টিকা নির্মাতা প্রতিষ্ঠান ভারত বায়োটেক। সংস্থাটি তাদের উদ্ভাবিত কভিড-১৯ প্রতিরোধী টিকার উৎপাদন বার্ষিক ১০০ কোটি ডোজে উন্নীত করতে চায়।
উৎপাদন বৃদ্ধির জন্য লড়াই করছে ভারত বায়োটেক।রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোভ্যাক্সিন নামের এ টিকা ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
গত মাসে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়া বলেছিলেন, ভারত বায়োটেক জুলাইয়ে ২ কোটি ৫০ লাখ ডোজ এবং আগস্টে ৩ কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। এ সংখ্যা ভারত সরকারের প্রাথমিক প্রত্যাশার অর্ধেকেরও কম।
জুলাইয়ের শুরুতে তাদের টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছিল ভারত বায়োটেক। সেখানে বলা হয়, টিকাটি ডেল্টার বিরুদ্ধে ৬৫ দশমিক ২ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। এছাড়া সামগ্রিকভাবে টিকাটির কার্যকারিতা ৭৭ দশমিক ৮ শতাংশ বলে জানিয়েছিল সংস্থাটি।