এবারের ঈদে প্রচারিত হওয়া নাটকগুলোর মধ্যে ‘আলো’ শিরোনামের নাটকটি দর্শকমহলে বেশ প্রশংসা পায়। অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীর নিজের লেখা এ গল্পের বিষয়বস্তু ছিলো নারী পুলিশদেরকে কর্মের সহায়ক পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটিতে গল্পের নারী ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেন মেহু নিজেই।
নাটকটি দর্শক প্রশংসা পাওয়ার সাথে সাথে প্রশংসা পেলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কতৃপক্ষের। শুধু তাই নয়, এমন প্রশংসনীয় কাজের জন্য মেহ্জাবীন ও তার টিমকে বৃহস্পতিবার দুপুরে ডিএমপিতে আমন্ত্রণ জানায় তারা এবং সেখানে মেহ্জাবীন ও তার টিমকে সম্মাননা প্রদান করে। এসময় মেহ্জাবীনের হাতে সম্মাননা পদক তুলে দেন আমেনা বেগম (ডিএইজি , ডিএমপি স্পেশাল ব্রাঞ্চ)।