দেশে শরী’আহসম্মত ডুয়েল কারেন্সির- মাস্টারকার্ড টাইটেনিয়াম ও গোল্ড ডেবিট, ওয়ার্ল্ড ও গোল্ড ক্রেডিট এবং প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কন্ট্যাক্টলেস ফিচার সম্বলিত এসব ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সহজে লেনদেন করতে পারবেন।
বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং বাংলাদেশে ইসলামিক ব্যাংক সমূহের সেন্ট্রাল শরীআহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এফ এম কামাল উদ্দীন।
নতুন এই কার্ডগুলো চালুর লক্ষ্য হলো, কার্ডহোল্ডারদের জন্য শপিং, রেস্তোরাঁ ও বিদেশে কেনাকাটা সহজ করার মাধ্যমে আন্তঃদেশীয় লেনদেন আরও বৃদ্ধি করা, যাতে ভ্রমণের সময় তাদের বিদেশি মুদ্রা বহনের প্রয়োজন না পড়ে।