পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে ডিবি। শুক্রবার বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার শেষ করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ চয়নিকার ব্যক্তিগত গাড়ি আটকে তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের ডিবির কার্যালয়ে।
এর আগে পরীমণি গ্রেপ্তারের পর ব্ল্যাকমেইলিংসহ বেশ কয়েকটি অভিযোগ উঠে পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে। তখন থেকেই ধারণা করা হয়ে গ্রেপ্তার হতে পারেন তিনি। অবশেষে শুক্রবার আটক হলেন তিনি।
চিত্রনায়িকা পরীমণি চয়নিকা চৌধুরীকে মা বলে সম্বোধন করতেন। এর আগে ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, গত ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় সাভার থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরীমণি।
বোট ক্লাব কাণ্ডের পর পরীমণির পাশে দেখা যায় চয়নিকা চৌধুরীকে। বিষয়টি নিয়ে যখন লাইভ করেন পরীমণি তখন তার পাশে বসা ছিলেন এই চয়নিকা। কিন্তু গত ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার পর তাকে আর পাশে দেখা যায়নি। এ বিষয়ে অবশ্য চয়নিকা গণমাধ্যমে বলেছেন, পরীমনির সঙ্গে তার যোগাযোগ ও আড্ডা নিতান্ত পেশাগত কারণে।
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সে সিনেমার নায়িকা পরীমণি।