স্পিনারদের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা। প্রথম ম্যাচে ২৩ রানের জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ শূন্য ব্যবধানে এগিয়ে গেল মাহামুদউল্লাহরা।
এর আগে টি-টোয়েন্টিতে চারবারের দেখায় ৪ বারেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।
ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাই অস্ট্রেলিয়া। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমেই চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই বোল্ড হন অ্যালেক্স ক্যারি। পরের ওভারেই নাসুমের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন আরেক ওপেনার জস ফিলিপ। এ ধাঁক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ওভারের প্রথম বলে সাকিব আল হাসানের শিকার হন মোয়াসেস হেনরিকস।
প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ। একের পর এক ব্যাটসম্যান যখন ফিরছিলেন সাজঘরে। তখন অস্ট্রেলিয়ার জন্য আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন মিচেল মার্শ। তিনি সাজঘরে ফিরলেন নাসুমের ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত ক্যাচে। তার আগে ৪৫ বলে করলেন ৪৫ রান।
এরপর আর কেউ ম্যাচ ফেরাতে পারেননি। আশা যাওয়ার মিছিলে শুধু ব্যবধান কমেছে। শেষ পর্যন্ত ১০৮ রানে অলআউট হয় অজিরা।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৪ টি, শরিফুল ও মুস্তাফিজ ২ টি , সাকিব আল হাসান ও মেহেদি ১ টি করে উইকেট পান।