পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংকের সেবা বিস্তৃত করতে ৩০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিডিসি। বাণিজ্য অর্থায়ন খাতে এ ঋণ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। চলমান করোনা মহামারির মধ্যে এ ঋণ গ্রহণ করলো সিটি ব্যাংক।
সিডিসি গ্রুপের পক্ষ থেকে এবারই প্রথম বাংলাদেশি কোন ব্যাংক ঋণ পেলো।
সিডিসির দেয়া এই ঋণ সহায়তা সিটি ব্যাংকের তারল্য প্রবাহ বাড়াতে সহায়তা করবে, যা ধারাবাহিকভাবে আমদানি ও রপ্তানি কার্যক্রমকে জোরদার করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
এই ঋণ সুবিধা সিটি ব্যাংকের ঋণগ্রহীতাদের আমদানি ও রপ্তানি ব্যবসায় গতি আনবে এবং প্রতি বছর অতিরিক্ত দশ কোটি ডলারের বৈদেশিক বাণিজ্য সুবিধা পাবে বলে আশা করছে ব্যাংকটি।
সূত্র জানায়, এই ঋণ সুবিধা সিটি ব্যাংক বাংলাদেশের এক কোটি ৭০ লাখ সাধারণ গ্রাহক, ক্ষুদ্র এবং এসএমই উদ্যোক্তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা ক্ষেত্র যেমন, তৈরি পোশাক, ম্যানুফ্যাকচারিং এবং খাদ্য প্রক্রিয়াজাত ও উৎপাদন শিল্পের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বাংলাদেশের কোনো ব্যাংকের সঙ্গে প্রথমবারের মতো সিডিসি গ্রুপের এই সরাসরি বাণিজ্য অর্থায়ন ঋণকে স্বাগত জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, ‘এই বাণিজ্য অর্থায়ন ঋণ চুক্তি যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্বের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ; যা অনুদান অর্থায়ন ছাড়াও বিভিন্ন বাণিজ্য অর্থায়ন উপকরণের মাধ্যমে বিস্তৃত হবে।’
সিডিসি গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ বলেন, ‘আমরা আনন্দিত যে, এই বাণিজ্য অর্থায়ন ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাত এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের ভ্যালু চেইনে প্রভাব রাখার ব্যাপারে আমাদের সক্ষমতা বাড়িয়ে দেবে।’
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘সিডিসির এই ঋণ ইউপিএএস এলসিগুলোর মাধ্যমে বাণিজ্য অর্থায়নে সহায়তা করবে। এটি প্রকারান্তরে দেশের করপোরেট এবং এসএমইগুলোকে কার্যকর পরিচালন মূলধনের জন্য এই মহামারিকালে প্রতিযোগিতামূলক সুদের হার প্রাপ্তিতে সহায়তা করবে। আমরা এই নতুন সূচনায় খুশি এবং নিকট ভবিষ্যতে সিডিসির সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক স্থাপনের ব্যাপারে আশাবাদী।’