ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের এক দিন পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট মোট ১৪ দিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময়ে শিল্প-কলকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, করোনার প্রকোপ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময়ে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। এছাড়া শপিংমল-মার্কেটসহ সব দোকানপাট এবং সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
এদিকে ঈদের পরে কঠোর বিধি-নিষেধের মধ্যে পোশাক কারখানা বন্ধ রাখা হবে কি-না তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)। সরকার বন্ধ রাখার ঘোষণা দেয়ার পর গত কয়েকবারের মতোই এবারও পোশাক কারখানা খোলা রাখা হবে কি না? জানতে চাইলে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা মন্তব্য করতে রাজি হননি।












