বিশ্বের প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড তাদের গণটিকাদান কর্মসূচির নীতি পরিবর্তন করে দুই রকম টিকা মিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ডেলটা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে সরকার। খবর বিবিসি ও এএফপির।
সোমবার সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, প্রথমে চীনের সিনোভ্যাক টিকার একটি ডোজ দেওয়ার পর পরবর্তী ডোজে অপফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। থাইল্যান্ডে সিনোভ্যাক টিকার দুই ডোজ নেওয়ার পরও ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী কভিডে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নার্স মারা গেছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর। এরপরই দুই ধরনের ডোজ মিলিয়ে দেওয়ার ঘোষণা এলো।
যেসব স্বাস্থ্যকর্মী ইতোমধ্যে সিনোভ্যাকের দুটি ডোজই নিয়েছেন, তাদের তৃতীয় আরেকটি (বুস্টার) ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তৃতীয় ডোজটি অ্যাস্ট্রাজেনেকার টিকাও হতে পারে অথবা ফাইজার-বায়োএনটেকেরও হতে পারে। এসব স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় সিনোভ্যাক ডোজ দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর তৃতীয় ডোজটি দেওয়া হবে।
থাইল্যান্ডে নতুন করে সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছে। রোববার দেশটিতে ৯ হাজার ৪১৮ জন রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে ৯১ জন। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজার কভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ৭১১ জনের।
চীন থেকে ১১ কোটি ডোজ টিকা পাচ্ছে কোভ্যাপ : করোনার টিকার বৈশ্বিক জোট কোভ্যাপ চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম থেকে অবিলম্বে করোনার ১১ কোটি ডোজ টিকা পাচ্ছে। গতকাল এ তথ্য জানায় টিকার জোট গ্যাভি। ভবিষ্যতে আরও টিকা নেওয়ার ব্যবস্থা রয়েছে তাদের চুক্তিতে।



















