ভারতে নারী পাচারকাণ্ডের হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয় বাবু’র সহযোগী ও মগবাজারের শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এএসপি আ ন ম ইমরান খান জানান, ২০১৬ সালের ১১ মে রাত ১১টার দিকে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। অনিকসহ চার-পাঁচজন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।



















