রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামাল দায়ের করে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় সাত জন মারা যান, আহত হন অর্ধশতাধিক।
হঠাৎ বিস্ফোরণের পর মগবাজার ও আশপাশ এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের ঘোর কাটেনি এখনও। দুর্ঘটনাস্থলের আশপাশের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির কাচ, দরজা-জানালা ভেঙে চুরমার। মূল ঘটনাস্থলের চারপাশে অন্তত এক কিলোমিটার পর্যন্ত বিস্ম্ফোরণের শব্দ ও এর প্রতিক্রিয়ায় ক্ষয়ক্ষতি হয়।

বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পাঁচ সদস্য ও পুলিশ সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।


















