চিকিৎসকদের উপর হামলা ও হেনস্থার বিরুদ্ধে ভারতের রাজ্যগুলোতে জেল ও জরিমানার আইন কার্যকর করার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
আজ রোববার (২০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাকালে সামনে দাঁড়িয়ে অতিমারির বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। কিন্তু সময় বিশেষে তাঁদের উপরই রাগ গিয়ে পড়ছে রোগীর পরিবারের। যে কারণে নানা ভাবে হেনস্থা হতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। তা রুখতে এবার রাজ্যগুলিকে সংশোধিত মহামারি আইনে পদক্ষেপের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।’
আইন কার্যকর করার জন্য ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিতভাবে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা নিজে লিখিত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় তাঁদের মনোবল ভেঙে যাবে। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করবেন তাঁরা। তাতে দেশের স্বাস্থ্যব্যবস্থার উপরই প্রভাব পড়বে।’
বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ভাল্লা। তিনি বলেন, ‘এমন ঘটনা সামনে এলেই হামলাকারীদের উপর এফআইআর দায়ের করতে হবে। প্দক্ষেপ করতে হবে অত্যন্ত দ্রুত। প্রয়োজনে সংশোধিত মহামারি আইন ২০২০ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’