করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা কিছুট কমেছে, তবে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরও দুই হাজার ৩৩০ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মৃত্যু ও শনাক্ত প্রতিদিনই বাড়ছে। মাঝে একটু কমার পর গত ২৪ ঘণ্টায় শনাক্ত আবার বেড়েছে। তবে মৃত্যু কিছুটা কমেছে।
ভারতে সবমিলিয়ে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখের বেশি। আর মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জনে।
দৈনিক সংক্রমণ একটু বাড়লেও দেশে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত তিনদিন ধরেই দেশের সংক্রমণের হার ৪ শতাংশের নিচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন।
বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরল এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।