দেশ জুড়ে অদম্য নতুন উদ্যোক্তাদের ব্যাংকিং চাহিদা মেটাতে একটি নতুন এসএমই প্রোডাক্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। ‘প্রথম অ্যাকাউন্ট’ মূলত একটি নতুন কারেন্ট অ্যাকাউন্ট সেবা যা গত বছর বাংলাদেশ ব্যাংকের পিএসডি সার্কুলার নং ০৯/২০২০ অনুসারে বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।যে কোনো সিএমএসএমই-উদ্যোক্তা ন্যূনতম ওপেনিং ব্যালেন্স এবং কাগজপত্রের জটিলতা ছাড়াই খুলতে পারবেন ‘প্রথম অ্যাকাউন্ট’।
নারী উদ্যোক্তাদের জন্য থাকছে ‘তারা প্রথম অ্যাকাউন্ট’ সুবিধা এবং ‘তারা’ অ্যাকাউন্টের যাবতীয় সুবিধা।ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই, সৈয়দ আবদুল মোমেন বলেন, “এই নতুন কারেন্ট অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ব্যবসায়ী, নতুন ব্যবসায়ী এবং অনলাইন ব্যবসায়ী, যারা প্রায়ই ট্রেড লাইসেন্স নিয়ে জটিলতার মধ্যে থাকেন, তাদেরকে ব্যাংকিং সুবিধা প্রদান করা। ‘প্রথম’ অ্যাকাউন্ট’ আমাদেরকে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের আর্থিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।”
‘প্রথম অ্যাকাউন্ট’ এবং ‘তারা প্রথম অ্যাকাউন্ট’ খোলার জন্য কোনও ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্টটি মাত্র ৫০০ টাকা নূন্যতম ব্যালেন্স দিয়ে খোলা যাবে যেখানে অ্যাকাউন্টহোল্ডার দৈনিক হারে ইন্টারেস্ট পাবেন এবং ছয় মাস পর পর তা অ্যাকাউন্টে জমা হবে। এর বাইরেও ‘প্রথম’ অ্যাকাউন্টহোল্ডাররা বিনামূল্যে ব্র্যাক ব্যাংকের একটি ডেবিট কার্ড পাবেন।
এছাড়াও, অন্য ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা উত্তোলনের জন্য ‘প্রথম’ অ্যাকাউন্টহোল্ডারদের এনপিএসবি চার্জ হবে মাত্র পাঁচ টাকা। সাথে থাকছে বিনামূল্যে এসএমএস সতর্কতা ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRAC BANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টাšত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।