কন্যার সুখের জন্য কত কষ্ট বিয়ে দেন মা-বাবা। অনেক সময় সর্বোচ্চ বেঁচে দিয়ে দিতে হয় যৌতুকও। কিন্তু সবার কপালে সুখ জোটে কি! মাঝে মাঝেই দেখি বঞ্চনা, বঞ্চনা অসহনীয় বঞ্চনা। সমাজের বাস্তব চেতনামূলক কথায় লেখা এ রকম একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার। গানটি ২৩ মে সন্ধ্যা ৭.১৫টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে।
উর্বশী ফোরাম ইতিমধ্যে বিভিন্ন জনপ্রিয় শিল্পীর ১৯ টি গান নির্মাণ করেছে। ফোরামটির সংগীত সমন্বয়ক হৃদয় সৈকত জানিয়েছেন এই প্রকল্পের সব গানই অধুনা লোকধারার ও মৌলিক। গানটি সম্পর্কে ভক্তদের জন্য সালমা একটি লাইভ ভিডিও করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘এটি গ্রামবাংলার গান, বাস্তব কথার গান। নারীদের জীবনে এ রকম অনেক ঘটনাই ঘটছে। প্রথম শোনাতেই গানটি আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি আমার ভক্ত মেয়েদের ও ছেলেদের সকলেরই গানটি খুব ভালো লাগবে।’
এই গানের গীতিকার ড. মো. হারুনুর রশীদ এবং সুরকার প্লাবন কোরেশী। গানটির সংগীত পরিচালনা করেছেন এএইচ তূর্য।
ইতিমধ্যে এই সংগঠনের ‘চাঁদনী রাইতে নির্জনে’ এবং ‘কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে’ শিরোনামের গান দুটো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন। দ্বিতীয় গানটিতে কণ্ঠ দেন সুলতানা ইয়াসমিন লায়লা।
উল্লেখ্য ‘উর্বশী গানের সিঁড়ি’ শিরোনামে প্রথম প্রকল্পে আরো গান গেয়েছেন বিন্দু কণা, প্লাবন কোরেশী, গামছা পলাশ, কামরুজ্জামান রাব্বি, নিজামউদ্দিন খান জাহিন, অংকন ইয়াসমিন, অপু আমান, নুশিন আদিবা, হৃদয় সৈকত, তাসমিম জামান স্বর্ণা, প্রিয়াংকা বিশ্বাস, এএইচ তূর্য, নুশরাত রেশমা এবং সুস্মিতা দে। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার রেডিও একাত্তর।