ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালকের নাম হাসান মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাংনুরপুর গ্রামের বাসিন্দা। নিহত অপর দুজন হলেন, একই উপজেলার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পিয়ারি গ্রামের গোলাম মওলা শামীম (২৮)। শামীমের স্ত্রী মীম আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন।
গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. আদম আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।