ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

রিমান্ড নাকচ, সাংবাদিক রোজিনা কারাগারে

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ