একদিনের ঝটিকা সফরে আজ ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ওয়েই ফেঙ্গিকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিমানবন্দর থেকে তিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ এর কথা রয়েছে চীনা প্রতিরক্ষামন্ত্রীর।
সূত্র বলছে, বাংলাদেশ সরকার চাইলে যেকোনো মুহূর্তে টিকা পাঠিয়ে দেবে চীন। সেক্ষেত্রে শুরুতে ৫ থেকে ৬ লাখের মতো টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেবে চীন।
বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের উদ্যোগের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বাংলাদেশ যেন বিমুখ না হয় সেদিকে নজর থাকবে ওয়েই ফেঙ্গির। গত বছরের নভেম্বরের শেষের দিকে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সে সময় সফর বাতিল করেন ওয়েই ফেঙ্গি।