পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর অর্ধেক নগদ ও অর্ধেক বোনাস।
আজ সোমবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এনসিসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ২৬ পয়সা ছিল।
আগামী ৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।



















