কঠোর লকডাউনের মাঝেও শিল্পকারখানা চলবে। তবে পুরোপুরি স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তৈরি পোশাক শিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে কারখানাগুলোকে বাধ্য করা হবে। আর যেসব কারখানা স্বাস্থ্যবিধি পুরোপুরি মানবে না, সেসব কারখানা বন্ধ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বিজিএমইএ’র নতুন সভাপতি ফারুক হাসান বলেন, ‘সব কারখানাকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হবে। আমি বলবো, যেসব কারখানা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানতে পারবে না, তারা যেন কারখানা চালু না রাখে। কোন কোন কারখানা স্বাস্থ্যবিধি মানছে, আর কোন কোন কারখানা স্বাস্থ্যবিধি মানছে না, আমরা তা মনিটরিং করবো। আমরা যাদের দেখবো, স্বাস্থ্যবিধি না মেনে কারখানা চালু রাখছে, সেগুলোকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে, অথবা বন্ধ করে দেওয়া হবে।’
এ প্রসঙ্গে বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা করোনা ছড়াতে চাই না। কোনও কারখানা যদি স্বাস্থ্যবিধি মানতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে বন্ধ করতে যা যা করার, আমরা তাই করবো।’ তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে কারখানা খোলার অনুমোদন দিয়েছে সরকার। আমরা সরকারের এই নির্দেশনা মানতে চাই।’
প্রসঙ্গত, গত বছর একইভাবে কারখানা চালু থাকলেও স্বাস্থ্যবিধি পুরোপুরি মানানো যায়নি। তদারকিতেও ঘাটতি ছিল।
সোমবার (১২ এপ্রিল) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ কাজ ও চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ‘শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা–নেওয়া নিশ্চিত করতে হবে।’