ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

নন-কোভিডে অর্ধেক সিট খালি রাখবে বিএসএমএমইউ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মোট শষ্যার শতকরা ৫০ ভাগ রোগী ভর্তি করা হবে। একইসঙ্গে সকল রোগীর বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে।

শনিবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন বিভাগের জন্য অনুমোদিত শয্যা সংখ্যার শতকরা ৫০ ভাগ রোগী ভর্তি করা হবে। সংশ্লিষ্ট বিভাগের প্রতিটি ওয়ার্ডে একটি শয্যা অন্তর ভর্তিকৃত রুগীদের রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে। কোভিড-১৯ পরীক্ষা করে রুগীদের অন্তঃবিভাগে ভর্তি করা হবে। উক্ত সেবা ২৪ ঘন্টা বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কনসালটেন্ট, রেসিডেন্ট চিকিৎসক, মেডিকেল অফিসাররা রোস্টার অনুযায়ী অন্তঃবিভাগের ভর্তিকৃত রুগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানগণ রোগীদের চিকিৎসা সেবার সমন্বয় করবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল অনুষদের ডীন, সকল কোর্স ডাইরেক্টর, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ