বাংলা সিনেমায় অনন্য ভুমিকা রেখেছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং অভিনেত্রী ববিতা। এইবার এই দুজন অভিনয়শিল্পীর আত্মজীবনী লিখছেন গীতিকার, লেখক ও প্রকাশক সাজ্জাদ হুসাইন।
ববিতার আত্মকথনমূলক বইয়ের নাম ‘বিস্ময়ে ববিতা’ এবং এটিএম শামসুজ্জামানের আত্মজীবনীমূলক বইয়ের শিরোনাম ‘আমি আমি’।
একুশে গ্রন্থমেলায় ৪৮৯ নম্বর স্টলে পাওয়া যাবে বই দুইটি। ‘বিস্ময়ে ববিতা’ বইটির মূল্যে ৩৫০ টাকা এবং এটিএম শামসুজ্জামানের আত্মজীবনীমূলক বইটির মূল্যে ৬০০ টাকা।
শনিবার (২৭ মার্চ) ‘ছাপাখানার ভূত’ থেকে প্রকাশ পায় সাজ্জাদের লেখা বই দুইটি।
এটিএম শামসুজ্জামানের আত্মজীবনীমূলক গ্রন্থ প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘এই বইতে থাকছে অভিনেতার জীবনের অদ্ভুত-অদ্ভুত গল্পসহ ষাটের দশকে প্রকাশিত-অপ্রকাশিত বেশ কিছু কবিতা। যা তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে পাঠকের সঙ্গে।
‘বিস্ময়ে ববিতা’ বইটি নিয়ে লেখক সাজ্জাদ হুসাইন বলেন, ববিতার বইটিতে অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম অধ্যায় সত্যজিৎ রায় তথা ‘অশনি সংকেত’, জহির রায়হান, আমজাদ হোসেন, সুভাষ দত্তসহ নন্দিত বিভিন্ন পরিচালকের সাথে পরিভ্রমণের গল্প বিস্তারিত তুলে ধরা হয়েছে। রয়েছে তার প্রেম-সংসার-সন্তানসহ ব্যক্তিগত জীবনের নানা নাটকীয় ঘটনা। এছাড়াও ‘স্বরলিপি’, ‘আলোর মিছিল’-এর মতো চলচ্চিত্র নিয়ে অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে।
সাজ্জাদ হুসাইন আরও জানান, এই বইগুলোকে আমি দলিল হিসেবে দেখছি। এই কাজগুলো আমি ধারাবাহিকভাবে করে যেতে চাই।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ মার্চ পশ্চিমবঙ্গের প্রভাবশালী গায়ক-নির্মাতা অঞ্জন দত্তর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অঞ্জনযাত্রা’ দিয়ে প্রকাশনা সংস্থা ‘ছাপাখানার ভূত’-এর জন্ম। ‘অঞ্জনযাত্রা’ লিখে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সাজ্জাদ হুসাইন। এরপর তিনি প্রকাশ করেন পশ্চিমবঙ্গের আরেক কিংবদন্তি গায়ক কবীর সুমনের আত্মদর্শনমূলক বই ‘কবীরা’।