কুষ্টিয়া জেলা কারাগারে কারারক্ষীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এ ঘটনায় জেলা কারাগারের এক সহকারী প্রধান কারারক্ষীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেনসহ অন্যান্য কারারক্ষীদের উপর হামলা চালায়। এতে মামুন হোসেনসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘন্টা বাজিয়ে কারাগারের কারারক্ষীরা একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করে। এসময় পুলিশ দুই বহিরাগত হামলাকারীকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেল সুপার বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পুলিশ আসার আগেই হামলারকারীরা আবাসিক এলাকায় বসবাসরত লোকজনের ওপর চড়াও হয়। পুলিশ এলে তারা দেয়াল টপকে পালিয়ে যায়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) শওকত কবির বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।