ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুনের ঘটনায় রোগী স্থানান্তরের সময় তিন রোগী মারা গেছেন। আজ বুধবার (১৭ মার্চ) সকাল আটটার দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সময় আইসিইউতে ১৪ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। দ্রুততম সময়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালের অন্যান্য আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এর সঙ্গে আগুনের ঘটনার সম্পর্ক নেই।’
অগ্নিকাণ্ডে আইসিইউর মূল্যবান যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলেও জানান ডা. নাজমুল হক।