করোনাভাইরাসের কঠিন সময়ে সরকারের দেওয়া প্রণোদনা ও বেতন-ভাতার টাকা পোশাকশ্রমিকদের হাতে সহজে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ।
মঙ্গলবার (১৬ মার্চ) ‘তৈরি পোশাক শিল্প শ্রমিকদের ডিজিটাল বেতন ব্যবস্থাপনা : অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় পোশাক শিল্পের উদ্যোক্তারা এ মত প্রকাশ করেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিকাশ।
তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলেন, করোনার কঠিন ওই সময়ে ব্যাংক থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানের সেবা স্থবির হয়ে পড়েছিল। সে সময়ে সরকারে পক্ষ থেকে শ্রমিকদের দেওয়া প্রণোদনা পৌঁছাতে অন্যতম ভরসা হয়ে দাঁড়ায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা শ্রমিকদের কাছে প্রণোদনার বেতন ভাতা পৌঁছে দেই।
পোশাক তৈরির প্রতিষ্ঠান এজি গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী বলেন, ‘ডিজিটাল সুবিধায় শ্রমিকদের দ্রুততার সঙ্গে বেতন-ভাতা পৌঁছে দেওয়ায় এই শিল্প অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। কেননা ওই সময়ে শ্রমিকের কাছে নগদ টাকা পৌঁছানো সবচেয়ে বেশি জরুরি ছিল।
এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এ খাতে সরকারের পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা। আর এই প্রণোদনার টাকা শ্রমিকের কাছে পৌঁছে দেওয়া সহজ করেছে বিকাশ।’

















