বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) জানুয়ারি ২০২০ এবং জানুয়ারি ২০২১ সেশনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ নতুন ফেলো ও মেম্বারদের শপথ ও সাময়িক সনদ প্রদান করা হবে আগামী ২৪ মার্চ।
আজ মঙ্গলবার (৯ মার্চ) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের জানুয়ারি ২০২০ এবং জানুয়ারি ২০২১ সেশনের পরীক্ষায় পাস করা ফেলো ও মেম্বারদেরকে আগামী ২৪ মার্চ বুধবার বেলা ১১টায় কলেজের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হবে এবং সাময়িক সনদপত্র প্রদান করা হবে।’
এতে আরও বলা হয়, ‘অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ ফেলো ও মেম্বারগণকে আগামী ১৪ মার্চের মধ্যে ডিপ্লোমা ফি বাবদ ৭ হাজার টাকা ও সাময়িক সদনপত্র ফি বাবদ ১ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ৮ হাজার টাকা ‘সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের’ অনুকূলে পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে।’
সেই সঙ্গে প্রেরিত রেজিস্ট্রেশন ফরমের সঙ্গে ১ কপি রঙিন ছবি সংযুক্ত করে তা কলেজের হিসাব শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন না, অনুষ্ঠানের জন্য তাঁদের সাময়িক সনদপত্র প্রস্তুত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


















