ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৯ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে। একই ঘটনায় শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠন ‘ওথ কিপার্স’-এর নয়জন সদস্যের নামে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।
নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর উগ্রবাদী সমর্থকদের ৬ জানুয়ারি ওয়াশিংটনে জড়ো করেন। নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে উগ্রবাদীরা ক্যাপিটল হিলে হামলা চালান। তাঁরা ভাইস প্রেসিডেন্ট, স্পিকারসহ অন্য আইনপ্রণেতাদের প্রাণনাশের হুমকি দেন। অফিস তছনছ করেন এবং এলোপাতাড়ি হামলা চালান। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।
ওয়াশিংটন ডিসিতে মেট্রো পুলিশ ও ক্যাপিটল পুলিশের উপস্থিতিতে এমন সহিংস ঘটনা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস অভিশংসন প্রস্তাব গ্রহণ করে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত শুরু হয়। পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠ ভোট না পড়ায় ডোনাল্ড ট্রাম্প অভিশংসন থেকে অব্যাহতি পেয়ে যান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বলছে, ৬ জানুয়ারির হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার ক্যাপিটল পুলিশের প্রধান জানিয়েছেন, তদন্তের পর ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখনো তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে পেশাগত নৈতিকতা ও দায়িত্বের সঙ্গে আপস করার আলামত পাওয়ায় ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৯ জন ক্যাপিটল পুলিশ কর্মকর্তা তদন্তের আওতায় রয়েছেন। তদন্তে হামলাকারীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।