আফগানিস্তানের হেরাত প্রদেশের ইরান-আফগানিস্তান সীমান্তবর্তী শহর ইসলাম কালায় আগুন লেগে জ্বালানিবাহী শত শত গাড়ি বিস্ফোরণে সৃষ্ট বিশাল আগ্নিকাণ্ডে হয়েছেন অন্তত ৬০ জন আহত হয়েছেন।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া এ আগুনে আফগানিস্তানের ইসলাম কালা স্থল বন্দরের শুল্ক পোস্ট পুড়ে গেছে, হেরাত প্রদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হেরাত প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণ আনতে আফগান প্রশাসনের পক্ষ থেকে ইরানি কর্তৃপক্ষ ও আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।
হেরাত প্রদেশের গভর্নর ওয়াহিদ কাতালি জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইসলাম কালা শহরের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কাঠামোর গুরুতর ক্ষতি হওয়ায় হেরাত প্রদেশের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আগুন লাগার পর টেলিভিশনে প্রদর্শিত এ বিষয়ক ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি শূন্যে অনেক ওপরে উঠে গেছে।
স্থানীয় সূত্রে যদিও জানা গেছে, শনিবার ঘটনাস্থলে একটি তেলবাহী ট্যাঙ্কারগাড়ি আকস্মিকভাবে বিস্ফোরণের ফলে সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। তবে আফগান প্রশাসনের কর্মকর্তারা এই তথ্য নাকচ করে দিয়ে বলেছেন, কী কারণে আগুনের সূত্রপাত হলো তা এখনো স্পষ্ট নয়, তদন্তের পরই সেটি জানা যাবে। সূত্র: রয়টার্স।



















