কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।নিহতরা সবাই জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এ হামলায় তালেবান জড়িত। তবে তার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি। হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে।



















