গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত হাবিবুর রহমান (৩৯), ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মো. রহম আলীর ছেলে ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, সোমবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে আনা হয়। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরে আবারো তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদী নং-৯৫৩৫/এ ছিল।
হাবিবুর রহমান মোবাইল কোর্টের মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিল। গত ৩০ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিল।