করোনা ভাইরাসের কঠিন সময়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু রেখে প্রতিষ্ঠানগুলো যাতে ঋণখেলাপির হাত থেকে রক্ষা পায় সেজন্য ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে এ বিষয়ে অনুরোধ করেছে।
বিএবি চেয়ারম্যান নজরুল ইসলামের পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে, দেশের ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ এখনো কোভিড-১৯-এর ভয়াবহ প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। আর সংক্রমণও একেবারে শেষ হয়ে যায়নি। এমন পরিস্থিতিতে দেশের অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সক্ষমতার অর্ধেক উৎপাদন করছে। একই সঙ্গে বিশ্ববাজারের অবস্থা খারাপ হওয়ায় গার্মেন্টস কোম্পানিগুলোর ওয়ার্কঅর্ডার ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন ব্যাবসায়িক খরচ মিটিয়ে মুনাফা পর্যায়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে।