স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত বাবুবাজার ব্রিজ, টঙ্গির রেলওয়ে সেতুসহ ঢাকার চারপাশের নদীর ১৩টি স্বল্প উচ্চতার সেতু ভেঙে নৌ চলাচল উপযোগী সেতু করা হবে।
রোববার (৩১ জানুয়ারি) সচিবালয়ে ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বাড়াতে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা শহরের চারপাশে থাকা পাঁচটি নদীর ওপর নির্মাণ করা হয়েছে ২২টি সেতু। যার মধ্যে উচ্চতা সংকটের কারণে ১৩টি সেতু নৌ পরিবহনে বাধা তৈরি করছে।
মন্ত্রী বলেন, আমাদের ঢাকার চারপাশে যে সমস্ত নদী আছে, সে নদীগুলোর উপর পরিবহন ব্যবস্থার জন্য বেশকিছু ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজগুলোর উচ্চতা বৃদ্ধি না করার কোনো উপায় নেই। না হলে নৌ পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হবে।
ঢাকার নৌ যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব দেয়ার লক্ষ্যে ১৩টি সেতু পুনঃনির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এই চিহ্নিত তেরোটি ব্রিজের মধ্যে এলজিইডির ছয়টি ব্রিজ, সেতু বিভাগের ছয়টি, আরেকটি রেল মন্ত্রণালয়ের।
এগুলোর উচ্চতা বৃদ্ধি করে যাতে নৌ পরিবহন ব্যবস্থা সচল করা যায় সেজন্য টেকনিক্যালি কাজ আরম্ভ করা হবে।
মন্ত্রী জানান, নৌ পরিবহন ব্যবস্থা সচল করতে হলে এই সেতুগুলো ভাঙতেই হবে। এজন্য এলজিআরডি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
এছাড়া ঢাকার চারপাশে নদীগুলো দখলমুক্ত করার কাজ চলমান আছে।